জাতীয় সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করাসহ বিভিন্ন সুপারিশ করেছে তারা। বুধবার (১ এপ্রিল মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়, সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে।
এ বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন, আবুল হাসনাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সাউন্ড সিস্টেম ছাড়াও মানিক মিয়া এভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের ভবনগুলোর সংস্কার ও মেরামতকাজের অগ্রগতি, সুপেয় পানি সংকট, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত এবং এমপি হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।