স্কুল অব সায়েন্স বিজনেস এন্ড হিউমিনিটি (এসএসবিএইচ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর নাসিরাবাদ বয়েস স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহরাব মাসুক, স্কুলের প্রিন্সিপাল লিওন ক্রাওলিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় রোকসানা আক্তার বলেন, নগরীতে এরকম অনেক ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে যারা শুধু শিক্ষার্থীদের পাঠদান নিয়েই ব্যস্ত। সেখানে এসএসবিএইচ স্কুল শিক্ষার্থীদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছে যা অন্যান্য স্কুল অনুসরণ করতে পারে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহরাব মাসুক বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশের জন্য আমি যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে খেলাধূলায়ও এগিয়ে থাকে সেজন্য স্কুলের সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এসময় ক্রীড়া প্রতিযোগিতায় নার্সারি শ্রেণির শিক্ষার্থী ও দৈনিক অর্থনীতি সম্পাদক আহমিদ কবিরের কন্যা উজমা ইজা দৌঁড় প্রতিযোগিতায় প্রথম স্থান ও বিস্কুট খাওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। পরে তাকে পুরস্কারস্বরুপ বিজয়ী মেডেল পরিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক লিওন ক্রাওলি।
প্রতিযোগিতা সম্পর্কে নিজের অনূভুতি ব্যক্ত করে দৈনিক অর্থনীতি সম্পাদক আহমিদ কবির বলেন, এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের পাশাপাশি পাঠদানে আরো মনোযোগী ও সচেতনতার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে স্কুলের কার্যক্রম চালানোর আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রদা/ডিও







